জনস্রোতের সামনে কোনো বাধাই টিকতে পারে না : নিক্সন চৌধুরী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৩
ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনস্রোতের সামনে কোনো বাধাই টিকে থাকতে পারে না। সাগরের ঢেউকে যেমন বাধা দিয়ে দমিয়ে রাখা যায় না, ঠিক তেমনি জনস্রোতের শক্তিকেও দমিয়ে রাখা যায় না। 
 
তিনি বলেন, প্রশাসনের ১৪৪ ধারা, কাজী জাফরউল্লাহর পালিত নেতা-কর্মীদের শত বাধা উপেক্ষা করে আজকের জনসভায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। জনগণ শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করতে আগামীতেও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে নৌকায় তুলে দিবে ইনশাল্লাহ। 
 
শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা হেলিপোর্ট মাঠে নেতাকর্মীদের যোগদান ও জনসভায় তিনি এ সব কথা বলেন। 
 
চৌধুরী নিক্সন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর উদ্দেশ্য বলেন, নির্ধারিত জনসভাস্থল ভাঙ্গা বাজারের স্বর্ণকার পট্টিতে আরো ১৫ দিন আগেই থেকেই প্রচার প্রচারণাসহ প্রশাসনের অনুমতি নিয়ে মঞ্চ তৈরি করা হয়েছিল। আপনি কাজী জাফরউল্লাহ প্রতিহিংসার বশে আমার জনসভাস্থলে প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করান। ফরিদপুর-৪ আসনের জনগণ সকল বাধা উপেক্ষা করে আজকের জনসভায় ঠিকই হাজির হয়েছে। 
 
ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদার মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি মতিয়ার রহমান, কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু, হারেদী ইউপি চেয়ারম্যান শামসুল আলম রাসেল, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুইয়া, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি