রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে চারটি পিস্তল, চার রাউন্ড গুলি ও আটটি ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। ওই অভিযানে দারুস সালাম থানাধীন গাবতলী পশুর হাটস্থ প্রান্তিক সুপার মার্কেটের নিচ তলার কাজী বস্ত্র বিতানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মো. ওয়াহিদুজ্জামান ওরফে মুরাদ মেম্বারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি পিস্তল, চার রাউন্ড গুলি ও আটটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
IMG0
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও বিভাগ (উত্তর) এর একটি দল দারুস সালাম থানাধীন গাবতলী বাসষ্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন লোকদের তল্লাশি করা কালে চারজন লোক পুলিশের অবস্থান টের পেয়ে গাবতলী হাটের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তাদের ধাওয়া করে অস্ত্র ব্যাবসায়ী মো. ওয়াহিদুজ্জামান মেম্বারকে গ্রেফতার করে এবং অপর তিনজন আসামি পালিয়ে যান।
ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ এর যুগ্ম-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান (পিপিএম) এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশীর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি (উত্তর) ডিএমপি দ্বারা অভিযানটি পরিবচালিত হয়। এ ব্যাপারে রাজধানীর দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/কেকে
