টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখার স্বীকৃতি হিসেবে রাজদণ্ডের প্রতীক ‘গদা’ পেয়েছে ভারত। শনিবার রাতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির হাতে সেই পুরষ্কার তুলে দেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম পোলক।
কাট অফ তারিখের (৩ এপ্রিল) আগে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলে আইসিসি ‘গদা’ পুরস্কার হিসেবে দিয়ে থাকে। সঙ্গে থাকে ১০ লাখ ডলারের আর্থিক পুরস্কারও। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসির পক্ষে কোহলির হাতে এই প্রতীক তুলে দেয়া হয়।
দ্বিতীয় বছরের মতো এই পুরস্কার পেল ভারত। ২০১৬ সালেও দলটি টেস্টের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। তাই উচ্ছ্বাসটা ভিন্নভাবে প্রকাশ করলেন ভারতীয় অধিনায়ক, ‘টেস্টে আমাদের সাফল্যধারা এর মাধ্যমেই স্বীকৃতি লাভ পেল। টেস্ট র্যাঙ্কিংয়ে ১২১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় দল। ১১৫ পয়েন্ট নিয়ে এরপরই রয়েছে দক্ষিণ আফ্রিকা।
ইত্তেফাক/কেআই
