ফজলে মাহমুদের সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের জয়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৬
ফজলে মাহমুদের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে চতুর্থ জয়ের স্বাদ পেল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর ৫৬ রানে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। প্রাইম দোলেশ্বলের চতুর্থ জয় হলেও জামালের এটি তৃতীয় হার। 
 
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে প্রাইম দোলেশ্বর। ওপেনার ইমতিয়াজ হোসেন ৩৩ রান করে ফিরলেও, হাফসেঞ্চুরির দেখা পান আরেক ওপেনার লিটন দাস। তবে ৬৯ রানেই থেমে যান তিনি। তিন নম্বরে ব্যাট হাতে নেমে সেঞ্চুরির স্বাদ নেন ফজলে মাহমুদ। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির স্বাদ নিয়ে ১২০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১০১ বলের ইনিংসে ৫টি চার ও ৬টি ছক্কা ছিলো। ফজলে মাহমুদের সাথে শেষ দিকে ৩৮ রানের ইনিংস খেলে দলকে ৬ উইকেটে ২৯৩ রানের সংগ্রহ এনে দেন জোহায়েব খান। শেখ জামালের রবিউল হক ২টি উইকেট নেন।
 
জয়ের জন্য ২৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় শেখ জামাল। স্কোর বোর্ডে ৮২ রান উঠতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। এরপর দলটির গুটিয়ে যাওয়া ছিলো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সেটি হতে দেননি অধিনায়ক নুরুল হাসান। 
 
এক প্রান্ত আগলে শেখ জামালকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন নুরুল। কিন্তু দলনেতাকে প্রয়োজনীয় সঙ্গ দিতে পারেননি কেউই। তাই ২৩৭ রানে অলআউট হয় শেখ জামাল। দলকে জেতাতে না পারলেও ৮৮ বলে ১০০ রানের নান্দনিক ইনিংস খেলেন নুরুল। তার ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা ছিলো। প্রাইম দোলেশ্বরের পেসার ফরহাদ রেজা ৫৬ রানে ৪ উইকেট নেন। 
 
ইত্তেফাক/কেআই