স্পোর্টস রিপোর্টার
দুই উইকেটরক্ষককে দলে রেখে গতকাল সোমবার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১৫ সদস্যের এই দলে অনুমিতভাবেই প্রথম উইকেটরক্ষক হলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার সাথে বাকি উইকেটরক্ষক হলেন দিনেশ কার্তিক।
দিনেশ কার্তিককে সুযোগ দিতে গিয়ে জায়গা হয়নি সম্ভাবনাময় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষাভ পান্টের। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন, উইকেটরক্ষণ দক্ষতা দিয়েই পান্তকে হারিয়েছেন কার্তিক।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ইস্যুটা নিয়েই আমাদের মধ্যে সবচেয়ে বেশি তর্ক বিতর্ক হয়েছে। আমরা সবাই একমত হয়েছি যে নিয়মিতভাবে একাদশে সুযোগ পাবেন ধোনি। কার্তিক বা পান্তকে তখনই একাদশে বিবেচনা করা হবে যখন ধোনি ইনজুরিতে থাকবেন। আর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে উইকেটরক্ষকের কাজটাও খুব গুরুত্বপূর্ণ। তাই অভিজ্ঞতার কথা বিবেচনা করে কার্তিককে স্কোয়াডে রাখা হয়েছে।’
লোকেশ রাহুলকে রাখা হয়েছে ‘ব্যাক আপ’ ওপেনার হিসেবে। বিরাট কোহলির নেতৃত্বে দলে আরো সুযোগ পেয়েছেন বিজয় শঙ্কর। জায়গা হয়নি আম্বাতি রাইডুর। মূলত বিজয় শঙ্করকে জায়গা দিতেই বাদ পড়েছেন রাইডু। বোঝাই যাচ্ছে, অনেকদিন ধরে আলোচিত ‘চার নম্বর ব্যাটিং পজিশন’-এর সমাধান পেয়ে গেছে ভারতীয় নির্বাচকরা। তারা ভরসা রাখছেন বিজয় শঙ্করের ওপর।
আম্বাতি রাইডুর বাদ পড়ার পেছনে যুক্তি দিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওকে (আম্বাতি রাইডু) আমরা বেশ কয়েকটা পজিশনে চেষ্টা করেছি। অনেকগুলো সুযোগও ও পেয়েছে। তবে, আমাদের কাছে মনে হয়েছে বিজয় শঙ্করই ওর চেয়ে এগিয়ে থাকবে। আশা করি বিশ্বকাপে আমরা ওকে চার নম্বরে ব্যাট করতে দেখতে পাবো। এছাড়া আমাদের দিনেশ কার্তিক ও কেদার যাদবও আছেন। আসলে বিষয়গুলো রাইডুর বিপক্ষে যায়নি, বলা ভালো, বিজয় শঙ্করের পক্ষে গেছে।’
দলে তৃতীয় স্পিনার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। তার সাথে আছেন দুই ‘অটোমেটিক চয়েস’ যুজবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদব। বোলিং বিভাগে আছেন চার পেসার। সেখানে মূল নেতৃত্বটা থাকছে জাসপ্রিত বুমরাহ’র হাতে। বাকি তিনজন হলেন মোহাম্মদ শামি, ভূবনেশ্বর কুমার ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ভারতের বিশ্বকাপ অবশ্য একটু দেরিতেই শুরু হবে। আগামী পাঁচ জুন তাদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, ভূবনেশ্বর কুমার, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক (উইকেটরক্ষক)।
