অনেক বোদ্ধারাই ধরে নিয়েছিলেন টাইগার উডস নামের একদার প্রবল প্রতাপান্বিত গলফারটির ক্যারিয়ার শেষ। ২০০৯ সালে ব্যক্তিগত জীবনে একের পর এক ঝামেলা ও পরবর্তীতে ইনজুরি মিলিয়ে এমন আশঙ্কা কেবলই বাড়ছিল। কিন্তু কে জানতো ক্রীড়া বিশ্ব আরো একটি বিষ্ময়কর প্রত্যাবর্তন দেখবে টাইগার উডসের মাধ্যমে। অবশেষে তাই ঘটলো গত রবিবার। অগাস্টা মাস্টার্স এর ট্রফি জয়ের সুবাদে। এটি তার ক্যারিয়ারের পঞ্চম মাস্টার্স ও সবমিলিয়ে ১৫তম বড় ‘মেজর’ টুর্নামেন্ট জয়। বিশ্বের সাবেক এক নম্বর গলফারটি ৪৩ বছর বয়সে দ্বিতীয় বয়স্কতম মাস্টার্স জয়ী হলেন। তার এ জয়ে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা।
