দর্শকদের উৎসাহ ও গভীরতা বিবেচনায় অ্যাশেজ চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ অনেক বেশি কঠিন বলে মনে করেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। দলের আরেক পেসার মিচেল স্টার্ক মনে করছেন, আসন্ন সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অসিদের। আগামী বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ।
চলতি বছরের জানুয়ারিতে পাঁচ ম্যাচের অ্যাশেজে সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া। দেশের মাটিতে ইংলিশদের বিধ্বস্ত করে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অসিরা। এই সুখস্মৃতি এখন টাটকা অস্ট্রেলিয়ার কাছে। এমন স্মৃতিকে সাথে নিয়েই দক্ষিণ আফ্রিকার মাটিতে পা দিলো অসিরা।
দুর্দান্ত ফর্মে থাকলেও আসন্ন সিরিজটি বেশ কঠিন বলে মনে করেন হ্যাজেলউড। কিছুদিন আগে শেষ হওয়া ঐতিহ্যময় অ্যাশেজের চাইতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ অনেক বেশি কঠিন বলেও মন্তব্য করেন হ্যাজেলউড, ‘অ্যাশেজ অবশ্যই ভিন্ন ধরনের সিরিজ। সেখানে উত্তেজনা অনেক বেশি থাকে এবং দর্শকদের উপস্থিতি অসাধারন। মিডিয়ার প্রচার-প্রচারণাও ব্যাপকভাবে হয়ে থাকে। অ্যাশেজ সত্যিই অনেক বড় সিরিজ। কিন্তু আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি আরও বেশি উত্তেজনাপূর্ণ ও কঠিন হবে।’
বিদেশের মাটিতে সর্বশেষ তিন সিরিজে জয়হীন অস্ট্রেলিয়া। ২০১৬ সালে যাচ্ছেতাই পারফরমেন্স করা শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় অসিরা। এরপর ভারতের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয় তাদের। আর গেল বছর বিদেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের মুখোমুখি হয়েও ১-১ ব্যবধানে শেষ করতে হয় অস্ট্রেলিয়াকে। তাই বিদেশের মাটির এমন পারফরমেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি কঠিন বলে মনে করছেন হ্যাজেলউড, ‘আমরা বিদেশের মাটিতে সিরিজটি খেলবো এবং গেল কয়েক বছর বিদেশের মাটিতে আমাদের পারফরমেন্স আশানুরূপ ছিলো না। তাই নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছি আমরা। নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ট্রফি জিতে আমরা ঘরে ফিরতে চাই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকে শুরুতেই হ্যাজেলউডের সঙ্গী থাকবেন স্টার্ক। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়ে স্টার্ক বলেন, ‘আমার মনে হয়, সিরিজটি অনেক বেশি জমজমাট হবে। আমাদের কন্ডিশনে দক্ষিণ আফ্রিকা জিতেছিলো। এবার আমাদের পালা তাদের মাটিতে তাদেরকেই হারানো। আমরা সবগুলো ম্যাচেই জিততে চাই। আমাদের এখন আসল লক্ষ্য বিদেশের মাটিতে ম্যাচ ও সিরিজ জয় করা। দু’দলের বোলার ও ব্যাটসম্যানরা দুর্দান্ত। তারা সকলেই অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে। তাই সিরিজে ভালো প্রতিন্দ্বন্দিতা হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত একটি রেকর্ড বহন করছে অস্ট্রেলিয়া। ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন টেস্ট সিরিজ হারেনি অসিরা। সাতটি টেস্ট সিরিজের মধ্যে পাঁচটি জিতে অস্ট্রেলিয়া। দু’টি হয় ড্র। বাসস।
ইত্তেফাক/ রেজা
