বৃথা গেলো শুভাগত হোমের সেঞ্চুরি। আজ সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শুভাগত হোমের শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে এই জয়ের ফলে এ পর্যন্ত তিন ম্যাচে জয়লাভ করল গোপীবাগের ক্লাবটি।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুভগত হোমের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৮৮ রান সংগ্রহ করে শাইনপুকুর। ৯৮ বলের মোকাবেলায় ১২টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারিতে ১১৬ রানের দৃষ্টিনন্দন একটি ইনিংস খেলেন তিনি।
শুরুতে বিপর্যয়ে পড়া শাইনপুকুর মাত্র ৬৭ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে আফিফ হোসেনকে সঙ্গী করে তিনি গড়ে তোলেন ১৪৩ রানের জুটি। যেখানে আফিফের সংগ্রহ ছিল ৬৮ রান। ৬৮ রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন সোহরাওয়ার্দী শুভ। সতীর্থ খালেদ আহমেদ ৫৭ রানে নেন দুই উইকেট।
জবাবে ওপেনার মাইশুকুরের ব্যাটিং দৃঢ়তায় জয়ের লক্ষ্য পূরণে বেগ পেতে হয়নি ব্রাদার্সের। ৫ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্য পূরণ করে তারা। ম্যাচ সেরা মাইশুকুর ১০৭ বলের মোকাবেলায় ছয়টি চার ও তিনটি ছক্কার মারে সংগ্রহ করেন ৮৮ রান। সতীর্থ দেবব্রত দাস মারমুখি ব্যাট চালিয়ে দলীয় সংগ্রহশালায় যোগ করেন ৬০ বলে ৭৫ রান। সবশেষে ইয়াসির আলীর অপরাজিত ৪৫ রান ও নাজমুস সাদাতের অপরাজিত ৮ রানে জয় নিশ্চিত হয় ব্রাদার্সের। শাইনপুকুরের হয়ে ৪৯ রানে দুই উইকেট নেন রায়হান উদ্দিন।
ইত্তেফাক/কেআই
