দেলোয়ারের অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংকের দ্বিতীয় জয়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২১
দেলোয়ার হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ষষ্ঠ রাউন্ডে তারা ৪২ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এর ফলে লিগে দ্বিতীয় জয়ের দেখা পেল প্রাইম ব্যাংক।
 
শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। ওপেনার মেহেদি মারুফ ৫৪ এবং মেহরাব হোসেন ৫২ রান সংগ্রহ করেন। শেষদিকে দেলোয়ার হোসেন আগ্রাসী ব্যাট চালিয়ে মাত্র ১৪ বলে দলীয় সংগ্রহশালায় যোগ করেন ৪১ রান। সাইফুল ইসলাম ও রাজা আলী দুটি করে উইকেট লাভ করেন। 
 
জবাবে ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্য়ায়ে পড়ে অগ্রণী ব্যাংক। মাত্র ১৫ রান তুলতে গিয়েই হারায় তিন উইকেট। তবে ধীমান ঘোষের ৭৩ ও রাজা আলী দারের ৪২ রানে ভর করে প্রথমিক বিপর্যয় কাটানোর পর জাহিদ জাবেদের অপরাজিত ৪৮ ও মোহাম্মদ ইসহাকের ৩৪ রানে ৪৬.৫ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ২৩০ রানে থামে অগ্রণী ব্যাংক। প্রাইম ব্যাংকের হয়ে ম্যাচসেরা হওয়া দেলোয়ার ও রুবেল হোসেন তিনটি করে উইকেট লাভ করেন।
 
ইত্তেফাক/কেআই