স্বেচ্ছায় রক্তদানের সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বলাকা’র বর্ষপূর্তি আজ। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২ মার্চ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে র্যালি ও আলোচনা সভার।
আলোচনা সভার বাইরে বিনামূল্যে রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড কে এম সাইফুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন ঢাবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম বদরুজ্জামান ভূঁইয়া, ঢাবির সহকারী প্রক্টর নাজির খান খোকন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ এনায়েত উল্লাহ তুষার।
আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক দোলোয়ার হোসেন। আয়োজনের সভাপতিত্ব করবেন বলাকা কেন্দ্রীয় সংসদের সভাপতি, প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আনোয়ার কবির।
‘আমরা স্বেচ্ছায় রক্ত দেই’ শ্লোগান নিয়ে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠনটি বর্তমানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল, ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৫০টি ইউনিট কমিটি নিয়ে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় নির্বাহী সংসদ হিসেবে ১১ জন এবং ২২ জন কাজ করছেন সদস্য হিসেবে।
প্রতিষ্ঠানটির সভাপতি আনোয়ার কবির ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বলাকার লক্ষ্য মূলত রাজধানী ঢাকা থেকে সারাদেশে, একেবারে প্রত্যন্ত এলাকায় উপজেলা পর্যায়ে রক্তের ডোনার তৈরি করা। মানুষ যাতে রক্তদানে এগিয়ে আসে সেজন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা। সেই লক্ষ্য বাস্তবায়নে বলাকা অ্যাপসও তৈরি করা হচ্ছে। এমনকি প্রবাসীরাও এই সমাজসেবায় অংশ নিতে পারবেন। সাংগঠনিকভাবে এর বয়স ১ বছর হলো, তবে আমরা চার বছর ধরে কাজ করছি।’
ইত্তেফাক/আনিসুর
