মনপুরায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত, আহত ২

আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৪:০৪
ভোলার মনপুরায় হাজির হাট ইউনিয়নের ফকিরহাট বাজার উত্তর পাশ সংলগ্ন ব্রিজের গোড়ায় বালুভর্তি ট্রলি উল্টে ঘটনাস্থলে ট্রলি চালক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ২ জনকে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় ট্রলি চালক বেলাল (৩৫) বালু ভর্তি করে জংলার খাল উদ্দেশ্যে রওয়ানা করলে ফকির হাট বাজার সংলগ্ন উত্তর পাশে ব্রিজের গোড়ায় মোড় দেওয়ার মুহুর্তে হঠাৎ গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে থাকা দোকান ঘরের সাথে ট্রলিটি চেপে যায়। বেলাল লাপ দিয়ে গাড়ি থেকে নামার সময় গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর হেলপার মো. রুবেল (২২) ও জামসেদ (৩৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। আহতরা এখন চিকিৎসাধীন রয়েছেন।
 
মনপুরা সদর হাসপাতালের আবাসিক ডা. সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। অপর একজন ঘটনাস্থলে মারা গেছে। মনপুরা থানার ওসি শাহীন খান জানান, সড়ক দুঘর্টনার খবর শুনেছি। আমি এ বিষয়ে দেখছি।
 
ইত্তেফাক/এসএস