প্রতিবারের মত এবারো ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্সের ভাষণের বর্ষপূর্তিতে ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট আয়োজন করবে ইয়াং বাংলা।
৭ই মার্চ, বুধবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনর্সাটের গেট খুলবে দুপুর দেড়টায়। কনসার্ট চলবে বিকেল সোয়া তিনটা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। কনসার্টে ধারাবাহিকভাবে পারফর্ম করবে পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শুণ্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট এবং আর্টসেল। আগের তিনবারের মত এবারো অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে কনর্সাটে আসা যাবে।
বৃহস্পতিবার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতীক চক্রবর্তীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
IMG0
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে ticket.youngbangla.org পেজে থেকে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফ্রি টিকেট পৌঁছে যাবে ইমেইলে। রেজিস্ট্রেশন চলবে ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এবারের আয়োজনের বিশেষ দিক হল, এবারই প্রথম ঢাকার বাইরে আয়োজিত হচ্ছে কনসার্ট যার নাম ‘রোড টু সেভেনথ মার্চ কনসার্ট’। প্রথমটি ২রা মার্চ সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। যােেত পারফর্ম করবে নেমেসিস ও মেকানিক্স। দ্বিতীয়টি হবে ৫ মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে। এখানেও থাকবে মেকানিক্স ও নেমেসিস। দুটি কনসার্টই সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত হবে। দুটি কনর্সাটেই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রতি বছর জয় কনসার্টের আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা। ৭ই মার্চের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর উদ্দেশ্যেই আয়োজিত হয় এই কনসার্ট। এছাড়াও কনসার্টের বড় অংশজুড়ে থাকে মুক্তিযুদ্ধ। এছাড়া অনুষ্ঠানে প্রতিটি ব্যান্ড স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান নতুন করে পরিবেশন করে থাকে।
ইত্তেফাক/ রেজা
