রাঙ্গামাটি প্রতিনিধি
মারমা সম্প্রদায়ের সামাজিক উত্সব সাংগ্রাই পানি খেলা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর পুরনো বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণের বৈসাবি উত্সব শেষ হচ্ছে। তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বরণ করে নেয় নতুন বছরকে।
মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) সোমবার দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই রাইখালী নারানগিরি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে সাংগ্রাই জল উত্সবের আয়োজন করে। ধর্মীয় ঘণ্টা বাজিয়ে উত্সবে পানি খেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। পবিত্র পানির ধারা ধুয়ে মুছে দিবে পুরনো বছরের সব দুঃখ-গ্লানি। পাড়ায় পাড়ায় চলে মৈত্রী পানি বর্ষণের আয়োজন।
পরে একে অপরকে পানি ছিটিয়ে শুরু হয় পানি খেলা। মারমা তরুণ-তরুণীরা কয়েকটি দলে অংশ নেয় পানি খেলায়। জল উত্সবের পাশাপাশি চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা।
মারমা সমপ্রদায়ের উত্সবে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্লাহসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যোগ দেন।
রাঙ্গামাটির ৬টি উপজেলাসহ বিভিন্ন দূরদূরান্ত এলাকা থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছে এই পানি খেলায় অংশগ্রহণ করতে।
