খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১২:২৪
 
খুলনায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৮) নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার সকালে ডুমুরিয়া উপজেলার বরাতিয়ানামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মেহেদী হাসানের বোনের শ্বশুর খর্ণিয়া ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম ও তার ছেলে রিয়াজ মাহমুদ।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল কাদের মহলদারের ছেলে মেহেদী হাসান গত শনিবার সন্ধ্যায় একই উপজেলার আঙ্গারদহ গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রবিবার সকাল ১০টার দিকে সে মোটরসাইকেলে তার বোনের শ্বশুর মোল্লা আবুল কাশেম ও তার ছেলে রিয়াজ মাহমুদকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বরাতিয়ানামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান নিহত এবং মোল্লা আবুল কাশেম ও তার ছেলে রিয়াজ মাহমুদ আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ইমদাদুল হক জানান, মাইক্রোবাস ও নিহতের মোটরসাইকেলটি আটক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএম