নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জে খাবার পানির দাবিতে হাজার হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে মানববন্ধন করেছে। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নবীগঞ্জ পাম্প হাউজের সামনে মানববন্ধন করেন তারা। ৭ মাস ধরে ওয়াসার নবীগঞ্জ পাম্প হাউজের পাম্প বিকল হয়ে যাওয়ায় নবীগঞ্জে খাবার পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানির জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকার হাজার হাজার মানুষ খাবার পানি বঞ্চিত। তারা এক কলস পানির জন্য প্রতিদিন হাহাকার করছেন। এলাকাবাসী পানির জন্য বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে কোন প্রতিকার না পেয়ে মানববন্ধনে রাস্তায় নেমে পড়ে।
নবীগঞ্জে তরুণ সমাজ সেবক ফয়সাল আহমেদের নেতৃত্বে হাজার হাজার মহল্লাবাসী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, নবীগঞ্জকে ওয়াসা কারবালার ময়দানে পরিণত করে এজিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নবীগঞ্জে ওয়াসার পাম্প হাউজটি ৭ মাসেও মেরামত করতে পারেনি ওয়াসা কর্তৃপক্ষ। এদিকে, দিন দিন পানি না পেয়ে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থা আর চলতে দেয়া যায়না। আগামী ৭ দিনের মধ্যে ওয়াসা কর্তৃপক্ষ নবীগঞ্জে পানি সরবরাহ না করলে নবীগঞ্জবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধসহ ওয়াসা কার্যালয় ঘেরাও করবে। বক্তরা এ সমস্যা দ্রুত সমাধানের জন্য স্থানীয় এমপি ও নাসিক মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজক ফয়সাল আহমেদ, মনির হোসেন, হাজী সামাদ, হাবিবুর রহমান বাবুল, কামাল, মাহবুব, রাজু আহাম্মেদ সুজন, লাভলু, পাপ্পু, রহমত উল্লাহ, শামীম আহাম্মেদ, বুলবুল আহাম্মেদ, আরিফ, ফালান মিয়া, শাহআলম, আসিফ আহাম্মেদ, আফিজ আহাম্মেদ, বাবু, কামাল বাদশা, মহিলাদের মধ্যে বক্তব্য রাখেন মর্জিনা, সাথী, ওমেনা, সেলিনা, রবেয়া, বিউটি, সুলতানা, আন্না, রহিমা ও হেলেনা।
ইত্তেফাক/এমআই
