জমিসংক্রান্ত বিরোধ

গোমস্তাপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৫:৫২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন বড় ভাই। রবিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ (৬০) হলেন- গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিয়াবাজার শুক্রবাড়ী গ্রামের মৃত উমেদ আলী পাইকারের বড় ছেলে। গোমস্তাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন রবিবার বাড়িতেই আবদুর রশিদ ও তার ছোটভাই দুরুল হোদা (৫৫) বাকবিতণ্ডায় লিপ্ত হন। বাকবিতণ্ডার একপর্যায়ে দুরুল হোদা উত্তেজিত হয়ে আবদুর রশিদকে দা দিয়ে এলোপাতারিভাবে কোপাতে থাকেন। ঘটনার আকস্মিকতায় বাড়ির অন্য সদস্যরা হতচকিত হয়ে পড়েন। তারা দ্রুতই দুরুল হোদাকে ধরে ফেলেন এবং গুরুতর আহত আবদুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করেন। পথে আবদুর রশিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুরুল হোদাকে আটক করে নিয়ে আসে। 
 
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামাল, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুরুল হোদাকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এমআই