গুইমারায় অপহরণ মামলার আসামি অস্ত্রসহ আটক

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৬:৩২
খাগড়াছড়ির গুইমারায় পিস্তল ও গুলিসহ গৃহবধূ ফাতেমা অপহরণ মামলার প্রধান আসামি সজীব ত্রিপুরাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সজীব বাইল্যাছড়ি ২নং রাবার বাগান এলাকার মনোরঞ্জন ত্রিপুরার ছেলে। সে ইউপিডিএফের কর্মী বলে জানাগেছে।
 
শনিবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাইল্যাছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার বালিশের নীচ থেকে একটি ২.২ পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
গুইমারা থানার ওসি মো. শাহাদাত হোসেন টিটু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সজীব ত্রিপুরা গৃহবধূ ফাতেমা বেগমকে অপহরণের কথা স্বীকার করেছে।
 
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ঈদের ছুটি শেষে স্বামীসহ একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রাম যাবার পথে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা ফাতেমাকে অপরহরণ করে নিয়ে যায়।
 
ইত্তেফাক/এমআই