জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সুনামগঞ্জে মানববন্ধন

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৭:০৫
লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ সুনামগঞ্জের শিক্ষার্থী, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক কর্মীরা। ঘটনার প্রতিবাদে রবিবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করেছেন তারা।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
 
এদিকে, ড. জাফর ইকবালের হামলাকারী ফয়জুর রহমানের দিরাইয়ের কলিয়ার কাপনের বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। তার বাড়ি তালাবদ্ধ, পাশের বাড়ি থেকে চাচা আব্দুল কাহার লুলইকে আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানিয়েছেন, আব্দুল কাহার স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত। এর আগে শনিবার রাতে কুমারগাঁওয়ের শেখপাড়া এলাকা থেকে হামলাকারী ফয়জুর রহমানের মামা জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ।
 
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান বললেন, ‘আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি, দিরাইয়ের কলিয়ারকাপনসহ যেখানে প্রয়োজন পুলিশ পাঠানো হয়েছে। অন্যান্য বাহিনীও কাজ করছে।’
 
দিরাইয়ে মানববন্ধন: শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। রবিবার দুপুরে দিরাই উপজেলার কলিয়াকাপন বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যপী এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী। 
 
ইত্তেফাক/আরকেজি