সৈয়দপুর ও খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে ভারত সহযোগিতা করতে আগ্রহী

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৮:৩৭
সৈয়দপুর বিমান বন্দরের উন্নয়ন ও বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দর মির্মাণে সহযোগিতা করতে আগ্রহী ভারত। ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা রবিবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সাথে সচিবালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
 
হাইকমিশনার বলেন, বিমান চলাচল বৃদ্ধি, বিমান বন্দরের উন্নয়ন এবং পর্যটন শিল্পে সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ আছে।
 
এছাড়াও হাইকমিশনার ১৯৬০ সালের স্বাক্ষরিত দুই দেশের এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) নবায়নের ব্যাপারে গুরুত্বারোপ করেন। হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তিই হলো মহান মুক্তিযুদ্ধ।
 
ইত্তেফাক/আরকেজি