কাউছার ওরফে কাশেম ওরফে কাশু ওরফে ফরিদ (২০) নামে এক জঙ্গি নরসিংদী কোর্ট হাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে। কোর্ট ইন্সপেক্টর রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কোর্ট সাব-ইন্সপেক্টর আহম্মদ জানান, নরসিংদী মডেল থানার ১৪(৯)১৬নং ডাকাতি ও জঙ্গি মামলার আসামি কাউছার ২০১৬ সালের এপ্রিল মাস থেকে নরসিংদী জেলা কারাগারে হাজতি আসামি হিসেবে হাজত বাস করে আসছিল। রবিবার আদালতে নির্ধারিত হাজিরা দিতে কোর্ট পুলিশ তাকে জেলা কারাগার থেকে পৌনে ১০টার দিকে কোর্ট হাজতে নিয়ে আসে এবং কোর্ট হাজতে আটক রাখে।
বেলা সাড়ে ১১টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে পুলিশ জঙ্গি কাউছারকে হাতকড়া পরিয়ে কোর্টে নেয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। আদালত কক্ষে প্রবেশের পর জঙ্গি কাউছারকে খুঁজে পায়নি। তখনই তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
সিরাজগঞ্জের চৌহালী থানার বিনানয় গ্রামের কলিমের ছেলে কাউছার। তার মাতার নাম নাজমা বেগম। তার পরিবারের বর্তমান ঠিকানা ঢাকা মেট্রোপলিটন এলাকার বনানী থানার মহাখালী সাততলা বস্তি।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বলেন, কোর্ট থেকে আসামি পলায়নের ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/আরকেজি
