জাফর ইকবাল হত্যাচেষ্টা

হামলাকারী ফয়জুল জঙ্গি আদর্শে বিশ্বাসী

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ০৯:৪০

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা ও তাকে হত্যা চেষ্টার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। সর্বত্র বইছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। গতকাল রবিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘটনাকে ‘মুক্তচিন্তার ওপর আঘাত’ উল্লেখ করে ঘটনার মূল হোতাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। শাবিপ্রবি ক্যাম্পাস গতকালও ছিল উত্তাল। এদিকে হামলার ঘটনায় হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরকে প্রধান আসামি করে সিলেট জালালাবাদ থানায় হত্যাচেষ্টার অভিযোগে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ফয়জুল জঙ্গিবাদে বিশ্বাসী বলে জানিয়েছে র্যাব। জঙ্গিবাদের বিশ্বাস থেকেই হত্যার উদ্দেশ্যে সে এই হামলা চালিয়েছে। তবে তার সঙ্গে কেউ আছে কি-না সেসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। সিলেট র্যাব-৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ এ কথা জানিয়েছেন।          

সিলেটে র্যাবের ব্রিফিং

গতকাল বিকালে র্যাব-৯ এর সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ বলেন, ফয়জুল একাই এ হামলায় অংশ নিয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এ বিষয়ে অধিকতর তদন্ত করছেন তারা। এ ঘটনায় র্যাব তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানান তিনি। এরা হচ্ছে ফয়জুরের চাচা আবুল কাহহার, সিলেট মহানগরীর রাজা ম্যানশনের একটি কমিপউটার দোকানের মালিক মঈন উদ্দিন ও আরো একজন। তদন্তের স্বার্থে তৃতীয় জনের নাম জানানো যাচ্ছে না বলে বলেন কর্নেল আজাদ। তিনি জানান, মঈন উদ্দিনের কমিপউটারের দোকানে ফয়জুল আট মাস চাকরি করেছে। ফয়জুলের কাছ থেকে র্যাব বিভিন্ন তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তারা কাজ করছেন। তিনি আরো বলেন, ফয়জুল দাখিল পর্যন্ত পড়ালেখা করেছে। হামলার ঘটনার পর ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া থেকে তার মামাকেও আটক করা হয়। তার কাছ থেকে ফয়জুল সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করা হবে।

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই হামলা করেছি’

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই হামলা করেছি’- র্যাবের কাছে এমনটিই বলেছে হামলাকারী ফয়জুল হাসান। এর আগে শনিবার রাতে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ বলেন, “হামলাকারী (ফয়জুল) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সে বলেছে, ‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে মেরেছি’।” শনিবার বিকালে জাফর ইকবালের উপর হামলার পরপরই ফয়জুলকে আটক করে গণধোলাই দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গতকাল বিকেলে ফয়জুলকে র্যাবের পক্ষ থেকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

উত্তাল শাবিপ্রবিতে বিক্ষোভ, মানববন্ধন

গতকাল সকাল থেকে ক্লাস বর্জন করে শাবিপ্রবি শিক্ষার্থীরা। সকালেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তিন সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হয়। তারা দফায় দফায় বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ শেষে হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা ‘সাস্টিয়ান এক হও’, ‘জাফর ইকবালের ওপর হামলা কেন’ ইত্যাদি বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় বিক্ষোভকারীরা ড. জাফর ইকবালের ওপর হামলাকারীর বিচার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানান। বেলা ১১টায় শাবি ক্যাম্পাসে শিক্ষক সমিতি ও দুপুর ১২টায় পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শাবিপ্রবি ক্যামপাসে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাবি ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীরাও দুপুরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। শেষে তারা উপাচার্য বরাবরে স্মারকলিপি দেয়।

আজ শিক্ষকদের কর্মবিরতি

হামলার প্রতিবাদে আজ সোমবার কর্মবিরতির ঘোষণা দিয়েছে শাবি শিক্ষক সমিতি। শাবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহম্মদ গনী বলেন, সোমবার সকাল ১১টা থাকে দুপুর ১টা পর্যন্ত ক্যামপাসে প্রতীকী কর্মবিরতির পালন করা হবে।

সন্ত্রাস দমন আইনে মামলা

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার সময় ঘটনাস্থল থেকে আটক মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান ওরফে শফিকুরসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন শনিবার রাতে জালালাবাদ থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়েরের পর রবিবার তা সন্ত্রাস দমন আইনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

চাচা ও মামা আটক

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারী ফয়জুলের চাচা আবুল কাহার লুলইকে (৫৫) আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা। রবিবার ভোরে ফয়জুলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ার কাপন থেকে তাকে আটক করা হয়। দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদস্যরা তাকে আটক করেছেন। এর আগে ফয়জুলের মামা ফজলুর রহমানকে সিলেটের কুমারগাও শেখপাড়া থেকে আটক করা হয়।

প্রসঙ্গত, শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এক তরুণ ছুরি নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়।

ইত্তেফাক/নূহু