ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে কথিত বন্দুকযুদ্ধে জাবেদ মিয়া (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে জাবেদকে গ্রেফতার করে শিবপুর ফাঁড়ির পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে কাইতলা (দ.) হাওর ব্রিজের কাছে অস্ত্র উদ্ধার করতে নিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগীরা গুলি ছোঁড়ে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে এতে জাবেদ গুলিবিদ্ধ হন। এসময় পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ জাবেদকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১০টি কার্তুজ ও তিনটা রামদা উদ্ধার করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় ডাকাতি, হত্যাসহ ৯টি মামলা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। নিহত জাবেদ মিয়া উপজেলার (পূর্ব) কাইতলা গ্রামের ইদন মিয়ার ছেলে।
ইত্তেফাক/এসএস
