নারী সমাজের অগ্রসরতায় বিস্ময়কর সফলতা অর্জনের ফলে বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নে বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। আর এগুলো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই নারী উন্নয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল ইসলাম মনির এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের যাত্রা শুরু হয় স্বাধীনতার পর থেকে। এ সময়ই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নারী উন্নয়নের ক্ষেত্রে নীতিগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গৃহীত হয়।
নারী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবী নারীদের সন্তানের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন, দুঃস্থ নারীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ এবং উৎপাদিত পণ্য সামগ্রী মধ্যসত্ত্ব ভোগীদের কোনোরকম হস্তক্ষেপ ব্যতীত বাজারজাতকরণে ঢাকায় ‘জয়িতা’ নামে একটি মেগা শপিং মল প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার।
তিনি আরো বলেন, নারী উন্নয়নের স্বীকৃতি হিসেবে জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম প্রদত্ত ‘এজেন্ট অভ চেঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। নারী ও কন্যা শিশুর স্বাক্ষরতা ও শিক্ষা প্রসারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো প্রধানমন্ত্রীকে ‘শান্তিবৃক্ষ’ স্মারক পুরস্কারে ভূষিত করেছে।
এমপি মনির বলেন, দরিদ্র, বিধবা এবং দুস্থ নারীদেরকে মাসিক ভাতা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। ভিজিডি কর্মসূচির আওতায় সারাদেশের নারীদের চাল প্রদান করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, নারীর দারিদ্রতা হ্রাস সামাজিক নিরাপত্তা নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য বয়স্ক ভাতা, আত্মকর্মসংস্থানমূলক সহায়তা প্রদানের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান ও দুস্থ মহিলাদের আইনগত সহায়তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে আরো দৃষ্টান্ত রাখবে বলে আশা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি অফিসার দীপঙ্কর দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা, নাসরিন আখতার, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি। এটি সঞ্চালনা করেন, রণজিৎ কুমার দাস।
উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের আওতায় উক্ত প্রকল্পে মোট ২৬জন নারীর হাতে প্রতিজনকে ১ (এক) লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
ইত্তেফাক/আরকেজি
