জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২০:৩১
বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এবং হামলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতারা। এসব সংগঠনের মধ্যে রাজশাহী প্রেসক্লাব, আদিবাসী ছাত্র পরিষদ ও সচেতন শিক্ষার্থী সংগঠন উল্লেখযোগ্য।
 
সোমবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি, কলামিস্ট প্রশান্ত সাহা, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসলাম উদ দৌলা প্রমুখ।
 
অন্যদিকে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। রবিবার সন্ধ্যায় নগরীর গণকপাড়া মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো ও সাধারণ সম্পাদক তরুন মুন্ডা প্রমুখ বক্তব্য রাখেন।
 
এদিকে প্রতিবাদে সোমবার সকালে নগরীর আলুপট্টির মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন শিক্ষার্থীরা। ছাত্রনেতা তামিম শিরাজীর সভাপতিত্বে ও মোস্তাফিজ রকির সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী সাব্বির, নওরিন সিরাজী রোদসী, ইয়ামিন, লিটন, মন্দিরা ও সবুজ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি