নীলফামারী থেকে রংপুরে এসে নাশকতার পরিকল্পনাকালে সোমবার শিবিরের ৫ ক্যাডারকে আটক করেছে পুলিশ। এদিকে নোয়াখালীতে সন্ধ্যায় অভিযান চালিয়ে শিবিরের ৩৮জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৮টি মোটরসাইকেল ও ২১টি পেট্রোল
বোমা পাওয়া যায়।
রংপুর: নীলফামারী থেকে রংপুরে এসে নাশকতার পরিকল্পনাকালে শিবিরের ৫ ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রংপুর চিড়িয়াখানা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তারা- হোসনে মোবরক (২৬), মাহবুব আলম (৩০), নুর জামান রওশন (২০), খাদেমুল ইসলাম (১৯) ও শহিদুল ইসলাম (২১)। তাদের সকলের বাড়ি নীলফামারীতে।
কোতোয়ালি থানার ওসি বাবলু মিয়া জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু তথ্য দিয়েছে। সেসব তথ্য যাচাই-বাছাই এবং তাদের নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নোয়াখালী: শহরের মাইজদীর জেনারেল হাসপাতাল সড়কের একটি বাসা থেকে শিবিরের ৩৮জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮টি মোটরসাইকেল ও ২১টি পেট্রোল বোমা পাওয়া যায়। সোমবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশ ও সুধারাম মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকৃতদের মধ্যে নোয়াখালী শহর ছাত্র শিবিরের সেক্রেটারি রাকিবসহ বিভিন্ন শাখার নেতাকর্মী রয়েছে। জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বিপিএম-পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
