শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে ইইই বিভাগের একটি অনুষ্ঠানে জনপ্রিয় লেখক ও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে বৃহত্তর সিলেটে।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও তার ভক্তরা এই হত্যা প্রচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলাকারীর মূলহোতাদের খোঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে সোমবার তৃতীয় দিনের মতো শাবি ক্যাম্পাস ছিল উত্তপ্ত। দিনভর শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার বেলা ১১টার উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে এ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। পরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও প্রক্টর জহীর উদ্দিন আহমদের সঞ্চালনায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
ইত্তেফাক/আরকেজি
