নরসিংদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১২:৩৯
নরসিংদীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাতেমাতুজ্জুহরা নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বাদুয়ারচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
 
নিহত স্কুল শিক্ষিকা ফাতেমাতুজ্জুহরা নরসিংদী সদর উপজেলার পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে গুরুত্ব অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুরা থেকে একটি বালুবাহী ট্রাক নরসিংদীর দিকে আসার পথে বাদুয়ারচর ব্রিজ এলাকায় এলে নরসিংদীর আরশীনগর থেকে রায়পুরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী শিক্ষিকা ফাতেমাতুজ্জুহরা নিহত হন। এ ঘটনায় সিএনজির অপর তিন যাত্রী আহত হন।
 
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করেছে। পরে পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
ইত্তেফাক/এসএস