পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় সফররত ২৪টি দেশের ৪৮ জন খ্যাতিমান লেখক, সাংবাদিক ও সাহিত্যিক গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় করেন। প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশসহ সারাবিশ্বের গণমাধ্যমের বিদ্যমান পরিস্থিতি, সাংবাদিকতা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে অংশ নেন— ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, রিয়াজউদ্দিন আহমেদ ও মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, মনজুরুল আহসান বুলবুল, সোহরাব হাসান, অজিত কুমার সরকার, শফিকুল করিম সাবু, সুভাষ চন্দ্র বাদল, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, সদস্য শামসুদ্দিন আহমেদ চারু ও শাহনাজ বেগম প্রমুখ। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কাসহ ২৪টি দেশের সাংবাদিক প্রতিনিধি দলে ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
