রাজশাহীতে হামলা চালিয়ে তিনটি দোকান ভাংচুর করেছে সন্ত্রাসীরা। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর কোর্ট স্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কাশিয়াডাংঙ্গা থানার ওসি।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা মদ সেবন করে মাতাল হয়ে হামলা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় নেশাগ্রস্ত অবস্থায় ডিংঙ্গাডোবা এলাকার মুহাম্মাদ আলী ও মহিষবাথান এলাকার পায়েলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলার পর আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডিংঙ্গাডোবা এলাকার সন্ত্রাসী মায়া গ্রুপের সদস্য মোহাম্মাদ, পায়েলসহ ৪ থেকে ৫ জন নেশা করে মাতাল হয়ে কোর্ট স্টেশন আদিল চমচম ঘর মিষ্টির দোকানে যায়। এসময় দোকানের কর্মচারী সিরাজুলের কাছে থেকে দই, মিষ্টি চায় তারা। সিরাজুল দই মিষ্টি দিলে সেগুলো ফেলে দিয়ে মারধর ও দোকান ভাংচুর করে সন্ত্রাসীরা। এসময় স্থানীয় দোকানদাররা প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। পরে, পুলিশ গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
ইত্তেফাক/এমআই
