রাজশাহীর গোদাগাড়ীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন- উপজেলার মোহনপুর ইউনিয়নের চান্দলাই ভূষণা গ্রামের মৃত বেলাত আলীর ছেলে আব্দুর রহিম (৪৮)। লাঠির আঘাতে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মাথায় আঘাতের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসকেরা আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বসতি জমি নিয়ে বিরোধ চলছিল। নিহতের ছোট ভাই আব্দুল করিম পৈত্রিক সূত্রে পাওয়া ভিটেতে পাকা বাড়ি করে। কিন্তু আবদুর রহিম বাড়ির কাজ শুরু করতে গেলে বাধা দেন আব্দুল করিম। এ ব্যাপারে অবশ্য আব্দুর করিম বাদী হয়ে গত সোমবার বড় ভাই আবদুর রহিমকে আসামি করে গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলতাফ হোসেন বলেন, আজ সকালে বাড়ির সামনে দুই ভাই মসুরীর জমিতে গিয়ে বাকতিণ্ডার এক পর্যায়ে রহিমের মাথায় লাঠি দিয়ে আঘাত করতে থাকলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। করিম পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।
ইত্তেফাক/এসএস
