নান্দাইলে ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৮:০৫
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের ঝালুয়া এলাকায় মঙ্গলবার সকালে ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক ছাত্রী আহত হয়েছে। 
 
নিহতরা হলো- উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসভার গ্রামের খোকন মিয়ার মেয়ে সোনিয়া আক্তার ও কিতাব আলীর মেয়ে কুলসুম আক্তার। তারা নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী এবং সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। 
 
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস আলী জানান, সকাল ৭টার দিকে একটি ইজিবাইকে করে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মর্নিং শিফটের তিন ছাত্রী ঝালুয়া বাজার থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে একটি ট্রাক ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ধুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকের যাত্রী সোনিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত কুলসুম আক্তার ও শিল্পীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুলসুম মারা যায়।
 
ইত্তেফাক/ইউবি