নোয়াখালী জেলা শহরের মাইজদীতে আটককৃত ইসলামী ছাত্রশিবিরের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে সুধারাম মডেল থানার পুলিশ।
মঙ্গলবার বিকালে পুলিশ তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন ।
এর আগে থানার এসআই আবদুল বাতেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় ৩৮ জন ছাড়াও আরো দুইজনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় জেলা শহরের জেনারেল হাসপাতাল সড়কের আমেনা মঞ্জিল নামের একটি বাসার চতুর্থ তলায় গোপন বৈঠককালে ৩৮ জন ছাত্রশিবিরের নেতাকর্মীকে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে আটক করে পুলিশ। এ সময় পুলিশ ওই বাসায় তল্লাশি চালিয়ে ২১টি পেট্রোল বোমা, ৮টি চাপাতি, সাংগঠনিক ও জেহাদি বই, নাশকতা সৃষ্টির সংক্রান্ত নকশা এবং বাসার সামনে থেকে ৮টি মোটরসাইকেল উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি
