নারীদের উচিত খালেদা জিয়াকে বর্জন করা :ইনু

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২৩:৪৩

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি সন্ত্রাস-কুসংস্কার-তেতুলহুজুর, রাজাকার-সাম্প্রদায়িকতা ও এদের পৃষ্ঠপোষকেরা নারী সমাজের মহাশত্রু। বিএনপি নেত্রী খালেদা জিয়া নারী হয়েও নারী সমাজের মহাশত্রুদের পৃষ্ঠপোষকতা করে দেশের তাবত্ নারীদের অপমান করেছেন। দেশের নারীদের উচিত খালেদা জিয়াকে বর্জন করা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী সংগঠন জাতীয় নারী জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, লিঙ্গবৈষম্য অবসানে সাহসের সাথে লড়াই চালিয়ে যেতে হবে। তথ্যমন্ত্রী এ সময় ‘আমরা নারী, আমরা পারি; সম্মান চাই, অধিকার চাই, বাঁচার মত বাঁচতে চাই; নারী বলো-পুরুষ বলো, কেউ কারো ছোট নয়, কেউ কারো বড় নয়’- শ্লোগান উচ্চারণ করলে উপস্থিত নারীরা সকলে তার সঙ্গে কণ্ঠ মেলান।

জাসদ সভাপতি বলেন, নারীদের শুধু সম্মান দিলেই হবে না, অধিকারও দিতে হবে। ১৮ বছরের নীচে নারীদের বিবাহ দেবেন না এবং ৩৫ বছরের বেশি বয়সে সন্তান ধারণে উত্সাহিত করবেন না। মাদকসেবীর সাথে প্রেম নয়, বিয়ে নয়। জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।

ইত্তেফাক/নূহু