১০ টাকার চালে ওজনে কম দেয়ার অভিযোগ

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১১:১৬
নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্য শস্য হিসেবে ১০ টাকার চাল বিতরণ শুরু হয়েছে। তবে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে।
 
সূত্রে জানা যায়, বছরে পাঁচ মাস ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রয় করা হচ্ছে। বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০টি ডিলারের মাধ্যমে সপ্তাহে তিনদিন ৫ হাজার ১শ' ১১জনকে চাল দেয়া হচ্ছে। প্রতি মাসে কার্ডধারীরা একবার ১০ টাকা দরে চাল কিনতে পারবে। তবে সুবিধাভোগীদের কাছ থেকে ৩০ কেজির দাম নেয়া হলেও প্রতি বস্তায় দেড় থেকে দুই কেজি করে চাল কম দেয়ার অভিযোগ উঠেছে।
 
উপজেলার তমালতলা এলাকার কয়েকজন কার্ডধারী ডিলারের কাছ থেকে চাল নিয়ে ওজন করে কম হওয়ার অভিযোগ করেন। দেখা যায় চালের বস্তার মুখে হাতে সেলাই রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তমালতলা বাজারের ডিলার বাবুল আক্তার লিটন বলেন, 'চাল কম হওয়ার অভিযোগ থাকলে ওই বস্তা উপজেলা খাদ্য গুদামে ফেরত পাঠাবো। আমি ওজন করে দেখেছি ঠিক আছে।' উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অরুণ কুমার প্রামাণিক দাবী করে বলেন, 'চাল কম হওয়ার প্রশ্নই আসে না। যদি কোন বস্তাতে চাল কম হয় তাহলে ডিলার উঠাবে না। ডিলার চাল গ্রহণ করার পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।'
 
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, 'চাল প্রত্যেককে ৩০ কেজি করে দিতে হবে। কোন ডিলার অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 
ইত্তেফাক/এসএস