ছেলের বিরুদ্ধে টাকা ও দলিল চুরির অভিযোগ বাবার

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৪:৪০
থানায় নিজ ছেলের বিরুদ্ধে বাবা টাকা ও দলিল চুরির অভিযোগ করেছেন বলে জানা গেছে। রাজশাহীর তানোর উপজেলার দিব্যস্থলী গ্রামের বাসিন্দা সৈয়দ আলী আজ বুধবার তার ছেলের বিরুদ্ধে এই চুরির অভিযোগ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছে তানোর থানার এএসআই শরিফুল ইসলাম।
 
অভিযোগের সূত্রে জানা যায়, গত রবিবার বাড়ি ফাঁকা পেয়ে জমি বিক্রির ৭০ হাজার টাকা ও ৩০ বিঘা জমির মূল দলিল চুরি করে নিয়ে যান ছেলে তোজাম্মেল হোসেন। সন্ধ্যায় তিনি বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে তিনি সবকটি দরজা খোলা পান। সন্দেহজনক হওয়ায় দ্রুত ভেতরে প্রবেশ করছিলেন তিনি। এসময় ভেতর থেকে তার ছেলে তোজাম্মেল বাক্স নিয়ে পালিয়ে যান। ওই বাক্সে জমি বিক্রির ৭০ হাজার টাকা এবং ৩০ বিঘা জমির মূল দলিল ছিলো।
 
বাবা সৈয়দ আলী জানান, ছেলের কাছে পরে টাকা ও দলিল ফেরত চেয়েছিলেন। কিন্তু ফেরত না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দিয়েছে। এর আগেও কয়েক দফা হুমকি পেয়েছেন ছেলের। বাধ্য হয়ে এ অভিযোগ দেয়ার কথা জানান তিনি।
 
তবে চুরির অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন ছেলে তোজাম্মেল হোসেন। তার দাবি, বাবা নিজেই জমি বিক্রির টাকা খরচ করেছেন। উল্টো চুরির অপবাদ দিচ্ছেন তিনি।
 
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, অভিযোগ পাবার পর সেটি তদন্ত করছে পুলিশ। সত্যতা পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এসএস