পঞ্চগড়ে পেট্রোল পাম্পের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৭:০৯
পঞ্চগড়ে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় ছয় শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
বুধবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের খোলাপাড়া খানপুকুর এলাকায় এ পাম্পের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
নিহতরা হলেন- জেলা শহরের পূর্ব জালাসীর আক্কাস আলীর পুত্র গোলাম মাওলা লিটন (৩৫),  চাঁনপাড়া এলাকার ইউসুব আলীর পুত্র বাবু (২৬) ও পৌরসভার দর্জিপাড়া এলাকার আব্দুল বাতেনের পুত্র সাজু (৩৫)। 
 
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, দুপুর দেড়টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনের অংশের ঢালাই চলার সময় ছাদটি ধ্বসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক সেখানে চাপা পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ৭ শ্রমিককে  উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে এক শ্রমিক মারা যায়। 
 
ইত্তেফাক/ইউবি