ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী অস্থিরতার প্রভাব পড়েছে দুই দেশের পণ্য আমদানি-রফতানি কার্যক্রমে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেখানকার ব্যবসায়ীরা।
সোমবার ও মঙ্গলবার ভারতীয় ব্যবসায়ীরা পণ্য না নেয়ায় আটকা পড়ে। প্রায় ৬০টি ট্রাক বুধবার নিলেও আজ বৃহস্পতিবার থেকে আর কোন পণ্য নিবে না তারা। ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবসায়ী নেতারা জানান, বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী অস্থিরতার কারণেই সেখানকার ব্যবসায়ীরা পণ্য আমদানি বন্ধ রেখেছেন। তবে কবে নাগাদ ব্যবসায়ীক কার্যক্রম শুরু হবে সেটিও স্পষ্ট করে বলতে পারছেন না তারা।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভুইয়া বলেন, দুদিন ধরে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে কোনো পণ্য নিচ্ছেন না। বুধবার কিছু পণ্য নিয়েছে। পণ্য না নেয়ার বিষয়টি তারা আমাদের আগে থেকে লিখিতভাবে জানায় নি। আমি নিজে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেখানে সহিংসতা চলছে। এর ফলে তারা আপাতত পণ্য নিতে পারবে না। যদি দু-একদিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয় তাহলে আবার পণ্য নেবেন তারা।
উল্লেখ্য, গত ৩ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সিপিআইএমের বিরুদ্ধে নিরঙ্কুশ জয় পায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফলাফল ঘোষণার পর থেকেই সেখানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বেশ কিছু জায়গায় সহিংসতা হয়েছে। সহিংসতার কারণে সেখানকার অনেক ব্যবসায়ী গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
ইত্তেফাক/আরকেজি
