অডিটরের বাজারের ব্যাগে ৯২ লাখ টাকা!

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ০০:২৪

সরকারি কর্মকর্তার বাসায় বাজারের ব্যাগ থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুদক। ওই কর্মকর্তা ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর সৈয়দুজ্জামান ইতিমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।  গত মঙ্গলবার রাতে শহরতলীর কাতিয়ারচর এলাকার বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়।

দুদক সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের পর ভূমির মালিকদের নামে বরাদ্দকৃত অর্থ থেকে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। এ অভিযোগে সাবেক জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের নামে গত ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে দুদক। সেদিনই বরিশাল দুদকের একটি টিম সেতাফুল ইসলামকে পিরোজপুর জেলা সদর থেকে গ্রেফতার করে। ২ ফেব্রুয়ারি সেতাফুল কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি অর্থ আত্মসাতের কথা স্বীকার করেন এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের নাম প্রকাশ করেন। এর প্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর সৈয়দুজ্জামান ও অফিস সহায়ক দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাত ১১টায় দুদকের টিম সৈয়দুজ্জামানের বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করে। এসময় শোবার ঘরের স্টিলের আলমারির ওপরে রাখা দুটি বাজারের ব্যাগে টাকার বান্ডেলগুলো পাওয়া যায়। ব্যাগে এক হাজার টাকার নোটের বান্ডেল ছিল ৭০টি ও পাঁচশত টাকার নোটের বান্ডেল ছিল ৪৪টি। টাকা উদ্ধারের সময় সৈয়দুজ্জামানের স্ত্রী, পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার জানান, একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে এই অভিযান চালানো হয়। নাসিম আনোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, মো. মনিরুল ইসলাম ও মো. ফজুলল বারী। সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ ও পুলিশের একটি দলও দুদক টিমের সঙ্গে ছিল।

ইত্তেফাক/নূহু