কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ০১:২৯

সড়ক পথে দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের ৩২ জেলার যোগাযোগে খুবই গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। কিন্তু গত দুই বছর ধরে সড়ক দুটি জুড়ে অসংখ্য খানা-খন্দ, এমনকি কোথাও কোথাও সড়কের অস্তিত্ব হারিয়ে যাওয়ার মতো হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে জানা গেছে, গত দুই বছরে জনগুরুত্ব সড়ক দুটি বেহাল হয়ে পড়েছে। ওই দুই সড়কসহ কুষ্টিয়া সড়ক বিভাগের ২৬১ কিঃমি সড়কের পুরোটাই যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তবে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহসড়ক দুটি বেশি ক্ষতিগ্রস্ত।

বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাভলু বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। করুণ দশায় পরিণত মহাসড়ক দুটিতে প্রতিদিন দুর্ঘটনা, গাড়ি বিকলসহ যন্ত্রাংশের মারাত্মক ক্ষতি হচ্ছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে গাড়ি চলাচল বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়ক দুটির অধিক ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য এরই মধ্যে খুলনা জোনের অতিরিক্ত প্রকৌশলীর দপ্তর থেকে টেন্ডার আহ্বান করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে টেন্ডার উন্মুক্ত ও অনুমোদনের পর কাজ শুরু হবে।’

ইত্তেফাক/নূহু