ইত্তেফাক রিপোর্ট
বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার কাফরুল থানাধীন মিরপুর ১৪ নম্বর সেকশনের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার বিকাল ৫টার দিকে কচুক্ষেতের পুলপাড় এলাকার খান ম্যানশন নামক ১০ তলা ভবনটির ৬ তলায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দু’জন ফায়ারম্যান আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইনটেনেন্স) মেজর শাকিল নেওয়াজ আগুন নির্বাপণ শেষে সাংবাদিকদের বলেন, ১০ তলা বিশিষ্ট ওই ভবনের ৬ ও ৭ তলার একপাশে আগুন লাগে। তবে যেখান থেকে (৬ তলা) আগুনের সূত্রপাত—সেখানে প্লাস্টিক, সিনথেটিক, গামবুট জুতা তৈরির কেমিক্যাল ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, দুঃখজনক হলেও সত্য বহুতল ভবনটিতে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি ভবন নির্মাণের সময়ও যথাযথ নিয়ম মানা হয়নি। সে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
পুলিশসূত্র জানায়, সেখানে গার্মেন্টস কারখানার মালামাল রাখা হয়। পহেলা বৈশাখে ছুটি থাকায় সেখানে লোকজন ছিল না। তাই তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে উত্সুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়।
স্থানীয় একজন জানান, ভবনটি ৯ তলা। এর উপরে আরো অর্ধেক স্থাপনা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ৫ বছর আগে প্রশাসনের পক্ষ থেকে ভবনটি সিলগালা করা হয়। এরপর ভবন মালিক গার্মেন্টস না করে গোডাউন হিসেবে ভাড়া দেন।
গতকাল সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক আনোয়ার হোসেন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, রবিবার ছুটির দিন হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনটির অগ্নি নির্বাপণ ব্যবস্থা দুর্বল। তিনি বলেন, ভবনের ৬ তলা থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উপস্থিত হয়ে কাজ শুরু করায় ওপরের তলায় ছড়াতে পারেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তসাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মগবাজারে গ্যারেজে থাকা গাড়িতে আগুন
অন্যদিকে মগবাজার কাজী অফিস গলির ১১৬ নং বাড়ির বেজমেন্টে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বিকালে ৩টার দিকে এ আগুন লাগে। বিকাল সোয়া ৪টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের কারণ জানা যায়নি।
