কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে সোর্স পরিচয়ী এক রোহিঙ্গা খুন এবং তালিকাভুক্ত এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় অস্ত্রসহ সহোদরকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার রাত সোয়া ১টার দিকে টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের এমআরসি নম্বর-৩০৮১-বি, শেড নম্বর-৯৪২ এর বাসিন্দা মোহাম্মদ সালামের ছেলে ও দুই সন্তানের জনক হোসেন আলী প্রকাশ সোর্স বাইল্যা'কে (৩০) দুর্বৃত্তরা গুলি করে। এসময় আনসার ক্যাম্পে হামলা, অস্ত্রলুট ও আনসার কমান্ডার হত্যা মামলার জামিনে আসা এইচ-ব্লকের মৃত লাল বুইজ্জার ছেলে ডাকাত নুরুল আলম অস্ত্রধারীদের ধাওয়া করতে গিয়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ও রক্তাক্ত বাইল্যাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যাম্প হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
এই ঘটনার খবর পেয়ে শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির আইসি কবির হোসেন ও থানা পুলিশের এসআই দিবাকর রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একই ব্লকের মৃত বেঁচা আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও সালামকে আটক করে। সকাল ১০টায় গুলিবিদ্ধ বাইল্যার লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, শরণার্থী ক্যাম্পে বাইল্যা খুনের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে। এই ব্যাপারে নিহতের স্ত্রী ছমিরা বেগম দুপুরে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এসএস
