ডুমুরিয়ায় ব্যবসায়ী হরিদাসের হত্যার রহস্য উদঘাটনের দাবী

আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৫:৫৭
বিশিষ্ট ঘের ও প্লট ব্যবসায়ী হরিদাস বিশ্বাসকে হত্যার তিন দিন পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সদরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রকৃত হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
 
প্রখর রোদ উপেক্ষা করে উপজেলা গুটুদিয়া ইউনিয়নের নিহত হরিদাসের নিজ গ্রাম জেলেরডাঙ্গা, কুলটি, পঞ্চু, গুটুদিয়া, খামারবাটী, উত্তরবিলপাবলা, জিলেরডাঙ্গাসহ ডুমুরিয়ার উপজেলা সদরের সকল শ্রেণী ও পেশার নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। হরিদাসের বোন লিলা বিশ্বাস, মেঝ মেয়ে লাবন্য বিশ্বাস, ছোট ভাই মোহন বিশ্বাসের ক্রন্দনে মানব বন্ধনে ডুকরে কাঁদতে শুরু করেন। ফলে মানব বন্ধনটি এক পর্যায়ে শোক বন্ধনে পরিণত হয়।
 
উপস্থিত সকলের চোখে শুধু পানি আর ক্রন্দনে চিৎকার করে হরিদাসের মৃত্যুর সঠিক তথ্য উদঘাটন করে বিচারের দাবী জানান। উপজেলা পূজা পরিষদ নেতা গোপাল দে’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন নিহতের বোন লিলা বিশ্বাস, মেঝ মেয়ে লাবন্য বিশ্বাস, ছোট ভাই মোহন বিশ্বাস, পূর্নেন্দ্র বিশ্বাস সহ খুলনা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ, স্থানীয় পূজা কমিটির নেত্রী পূর্ণিমা তরফদার, ইউপি সদস্য সরদার মাসুদ রানা, কাজী আলমগীর, শিশির কুমার ফৌজদার, সঞ্জয় দেবনাথ, কাজী আসাদ, জয়দেব মণ্ডল, প্রভাষ বর্ধন, ইলিয়াজ শেখ, বিজয় সাহা, শিলা রানী মন্ডল, সঞ্জয় দেবনাথ, শিলা রানী হালদার, কাজী আব্দুল্লাহ, সেলিম সরদার, কাজী আব্দুল মজিদ, সুকৃতি মন্ডল, বক্তৃতায় হরিদাসের প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনের জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।
 
ইত্তেফাক/এসএস