ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রুবেল মিয়া (৩৮) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে স্থানীয় টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে চালককে ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতি করে একদল ডাকাত। ওই ঘটনায় মামলা দায়েরের পর গোপন খবরের ভিত্তিতে ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশ ডাকাতদের গ্রেফতার করতে আজ ভোরে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে রুবেল মিয়া নামের ওই ডাকাত সর্দার গুলিবিদ্ধ হন। ডাকাতদের হামলায় আরও চার পুলিশ সদস্য আহত হন।
এঘটনায় গুলিবিদ্ধ ডাকাত রুবেল মিয়াকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। জানা যায়, নিহত ডাকাত সর্দার টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. আজাদ বলেন, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত এবং ডিবি পুলিশের এসআই তানভীর মোর্শেদ, এএসআই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় ওই পুলিশ কর্মকর্তা।
ইত্তেফাক/এসএস
