সাঁথিয়ার আতাইকুলায় সড়ক উন্নয়ন কাজের ঠিকাদারের কাছে চরমপন্থীরা চাঁদা দাবি করে। মোবাইল ফোনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ৫ চরমপন্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানার শ্রীপুর হতে বাঔকোলা পর্যন্ত ১০ কোটি টাকা বরাদ্দে রাস্তা উন্নয়নের কাজ করছিলেন ঠিকাদার ফারুক হোসেন। পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার চান্দাইল গ্রামের জাহেদীর ছেলে চরমপন্থী নেতা তোজাম্মেল হক (৫০), একই গ্রামের জমিনের ছেলে খায়রুল ইসলাম (চেরু খাইরুল ৩৫), কুতুবের ছেলে রুবেল (২২), ছবেদের ছেলে মিজানুর (৩২), শাহেদের ছেলে কুতুব (৪০) ঠিকাদার ফারুকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
দাবিকৃত টাকা না দেয়ায় শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেন তারা। এঘটনায় ফারুক থানায় অভিযোগ করলে চাঁদাবাজ প্রধান তোজাম্মেলের মোবাইল ফোন ট্র্যাক করে বৃহস্পতিবার দিন গত গভীর রাতে অভিযান চালিয়ে আটঘরিয়ার চান্দাইল গ্রামের বিভিন্নস্থান থেকে তাদের আটক করে।
আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান, আটককৃতরা চরমপন্থী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সুযোগ পেলেই বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়েন। শুক্রবার তাদের পাবনা আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
