দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীর লালদিঘী ময়দানে জনসভা করবে চট্টগ্রাম বিএনপি।
শুক্রবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ মার্চ লালদিঘী ময়দানে চট্টগ্রাম বিএনপির উদ্যোগে জনসভা করা হবে। আশা করি প্রশাসন জনসমাবেশের অনুমতি দিয়ে সহযোগিতা করবে। লালদিঘী ময়দানে সমাবেশের অনুমতি না পেলে পরবর্তীতে বিকল্প কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি।
নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনের মুক্তি দাবি জানিয়ে নেতারা বলেন, শাহাদাতসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় উচ্চ আদালত জামিন দেন। কিন্তু ডা. শাহাদাতের জামিন প্রক্রিয়া বিলম্বিত করার হীনমানসে পুলিশ নতুন করে ফেনীতে বেগম জিয়ার গাড়িবহরে হামলার একটি মামলায় পুনরায় গ্রেফতার দেখিয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান।
ইত্তেফাক/ইউবি
