বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন পূর্বধলার ইউএনও

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৪:৫৫
পেশাগত জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চাসহ সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে।
 
গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় নমিতা দে’র হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষে এ পুরস্কার দেওয়া হয়েছে।
 
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সফলতা অর্জন করায় তাদের এ বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এর আগে নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।
 
এসময় উপস্থিত ছিলেন- পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস