রাজশাহীতে মাহালে মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাসাউস এবং মাহালে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) উদ্যোগে আয়োজিত নগরীর মহিষবাথান কারিতাস মিলনায়তনে এ আলোচনা সভায় বক্তারা মাহালে ভাষাকে জাতীয়করণের দাবি জানান।
বক্তারা বলেন, আমাদের মাতৃভাষা মাহালে ভাষা। কিন্তু এই ভাষায় অন্য কেউ কথা বলে না। সরকার দেশের ৫০টির মধ্যে ২৭টি নৃগোষ্ঠীর ভাষাকে স্বীকৃতি দিয়েছে। সেই ২৭টি নৃগোষ্ঠীর মধ্যে আমরা নেই। আমাদের ভাষাকে অবহেলা করা হয়েছে। একটি ভাষাকে অবহেলা করা হলে একটি জাতিকে অবহেলা করা হয়। তাই আমরা চাই এ ভাষাকে মূল্যায়ন করে এবং জাতীয়করণ করে আমাদের জাতি হিসেবে স্বীকৃতি দেয়া হোক।
এতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড নেশন অব অর্গানাইজেশন জাপান এশিয়া কালচারাল এক্সচেঞ্জের সিইও তুষার রায়, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অভিজিৎ রায়, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো হাবিবুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির, রাজশাহী সরকারি কলেজের প্রভাষক টিউটোনিয়াস হেম্ব্রম, ইউএনজেসিই এর প্রাবন্ধিক ও প্রকল্প পরিচালক ইমরান হাসান শিমুল প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
