‘নদী রক্ষা হলে দেশের পরিবেশ রক্ষা হবে’

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৮:৩৬
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সচিব ড. মজিবুর রহমান হাওলাদার বলেছেন, নদী রক্ষা হলে দেশের পরিবেশ রক্ষা হবে। পালরদী নদীকে কেন্দ্র করে গৌরনদী, টরকী বন্দর ও কালকিনি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল গড়ে উঠেছে। এ নদীর পানিপ্রবাহ সচল করার লক্ষ্যে সর্বস্থলের জনসাধারণের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। অচিরেই নদীর দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেজিং করা হবে।
 
শুক্রবার বিকেলে আড়িয়াল খাঁর শাখা নদী পালরদী নদী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিকেল ৫টায় মাদারীপুরের কালকিনি থেকে ট্রলারযোগে গৌরনদী বন্দর পর্যন্ত তিনি পরিদর্শন করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তৌফিকুজ্জামান শাহীন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, কলিকিনি উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি