বাড়ি থেকে ডেকে নিয়ে নৈশপ্রহরীকে খুন

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৯:৫৭
ফতুল্লায় আবুল কাশেম চৌধুরী নামে এক নৈশপ্রহরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সেলিম পাঠান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পাগলা দেলপাড়া এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
কাশেম স্থানীয় ইমলা চৌধুরীর ছেলে। তিনি সেলিম পাঠানের মালিকানাধীন স্টার প্যাকেজিং কটন মিলে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
 
নিহতের ছেলে আবু চৌধুরী জানান, সকাল ৮টার দিকে স্টার প্যাকেজিংয়ের মালিক সেলিম পাঠান তার বাবা নৈশপ্রহরী আবুল কাশেমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তালা খুলে দেয়া কথা বলে। সকাল ৯টার দিকে খবর পেয়ে ফ্যাক্টরিতে গিয়ে দেখেন তার বাবা নিথর দেহ রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে আছে।
 
ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ মো. কামালউদ্দিন জানান, “নৈশপ্রহরী আবুল কাশেমের মাধ্যমে স্টার প্যাকেজিং মিলের মালিক সেলিম পাঠান বিভিন্নজনের কাছ থেকে ৬ লাখ টাকা সুদে নেন। এই টাকা নিয়ে নৈশপ্রহরীর সাথে কথা কাটাকাটি চলছিল কয়েকদিন ধরে। মূলত এর জের ধরেই শনিবার নৈশপ্রহরীকে বাড়ি থেকে ধরে এনে ভারি কোনো বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সেলিম পাঠানকে আটক করা হয়েছে।”
 
ইত্তেফাক/আরকেজি