সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল সোমবার রাতে শান্তিরক্ষা মিশন পরিদর্শনের জন্য ৮ দিনের সরকারি সফরে কঙ্গো ও দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি উভয় দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন এবং সেনা সদস্যেদের উদ্দেশে দরবার নিবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান উভয় মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করবেন। কঙ্গোতে তিনি ফোর্স কমান্ডার ও ডেপুটি এসআরএসজির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ এবং ইতুরি প্রদেশের গভর্নরের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া দক্ষিণ সুদান সফরকালে তিনি এসআরএসজি, ফোর্স কমান্ডার ও ডাইরেক্টর মিশন সাপোর্ট এবং দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। উল্লেখ্য, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ এপ্রিল দেশে ফিরবেন।
